আগামী বছর থেকে ট্যাব পাবে শিশুরা

১৭ জানুয়ারি, ২০২০ ১৬:৪২  
আগামী বছর থেকে পরীক্ষামূলক ভাবে সীমিত পরিসরে বইয়ের পরিবর্তে ট্যাব বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসডিজি লক্ষ্য পূরণের অংশ হিসেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাক্তন এসডিজি বিষয় মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ। শুক্রবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে ডিজিটাল প্রযুক্তি’ বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এ তথ্য জানান তিনি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী এসডিজি বিষয়ক মুখ্য সচিব জুয়েনা আজিজ, জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন, বিটিআরসি মহাপরিচালক (ইএন্ডও) মোঃ মাহফুজুল করিম মজুমদার এবং এফআইসিসিআই নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবির। বক্তারা ‘কাউকে পেছনে ফেলে উন্নয়ন নয়’ লক্ষ্যের ওপর গুরুত্ব দেন।